বিদেশী প্রতিষ্ঠানের শাখা স্থাপনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির জন্য অনলাইনে আবেদন দাখিল করতে হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে নিবন্ধিত নয় এমন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশে শাখা/লিয়াজোঁ অফিস বা অন্য কোনো ব্যবসায়িক অবস্থান স্থাপনের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এর ১৮বি ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক হতে সাধারণ বা বিশেষ পূর্বানুমোদন গ্রহণ করতে হয়। এখন থেকে ওই অনুমোদন গ্রহণের উদ্দেশ্য আবেদনপত্র ও অন্যান্য দলিলাদি অন-লাইনে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অনিবাসী প্রতিষ্ঠানের বাংলাদেশস্থ শাখা/লিয়াজোঁ অফিস স্থাপনের অনুমোদন প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে অন-লাইনে আবেদনপত্র প্রেরণের পাশাপাশি হার্ডকপিতে আবেদনপত্র প্রচলিত বিধান সার্কুলারপত্র জারীর পর হতে আগামী ০২/১০/২০১৪ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

উক্ত সময়ে শুধুমাত্র হার্ডকপিতে আবেদনপত্র ও অন্যান্য দলিলাদি প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। উক্ত সময় অতিবাহিত হওয়ার পর হার্ডকপিতে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না; যাবতীয় আবেদনপত্র ও অন্যান্য দলিলাদি শুধুমাত্র অন-লাইনে প্রেরণ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা গ্রহণসহ সংশ্লিষ্ট সকল গ্রাহককে অবহিত করার জন্য অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে পরামর্শ দেয়া যাচ্ছে। এক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকের কোনো গাফিলতি/শৈথিল্যের কারণে আমদানী-রপ্তানীসহ অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্র ঘটলে কিংবা এতসংক্রান্ত বিষয়ে গ্রাহক হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর