টেক্সটাইল যন্ত্রপাতি ও পোশাক শিল্পের নানা পণ্যের সমাহার নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে '১৫তম আন্তর্জাতিক টেক্সটেক বাংলাদেশ' প্রদর্শনী।

এ আয়োজনের মধ্য দিয়ে এক ছাদের নিচে দেশি বিদেশি অত্যাধুনিক প্রযুক্তি দেখতে পাওয়ার সুযোগ পেয়ে সন্তুষ্ট দর্শনার্থীরা। আর আয়োজকরা মনে করছেন, পোশাক শিল্পের উন্নয়নে এ ধরণের আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে।

১৫তম টেক্সটেক প্রদর্শনীতে বস্ত্র ও পোশাক শিল্পে প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠাঁই পেয়েছে। আর রং, ফেব্রিক, ইয়ার্নসহ আনুষঙ্গিক সব পণ্য প্রদর্শনের জন্য একই স্থানে আয়োজন করা হয়েছে আরো তিনটি আলাদা প্রদর্শনীর।

বড় পরিসরের এমন আয়োজনে নিজেদের পণ্যের প্রসারে বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন অংশগ্রহণকারীরা।

একজন বিদেশী অংশগ্রহণকারী বলেন, 'আমি প্রচুর সাড়া পাচ্ছি। এবং আমার আশা আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো।'

দেশেই তুলনামূলক কম দামে ভালো মানের যন্ত্রাংশ ও পোশাক শিল্পে প্রয়োজনীয় উপাদান পাওয়া যাওয়ায় খুশি শিল্প সংশ্লিষ্ট দর্শনার্থীরা।

একজন বলেন, 'এখানে আমাদের প্রয়োজন মতো সকল প্রকার আইটেম পাওয়া যাচ্ছে।'

এদিকে, আয়োজকদের একজন আবু নায়েম মোহাম্মদ নাইম মনে করছেন, এই প্রদর্শনী দেশের পোশাকখাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

গত বুধবার শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই