মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো দর সংশোধন হয়েছে। তবে দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রণতায় লেনদেন হয়েছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত মূল্য সূচক ঊর্ধ্বমুখী থাকে। এরপর দিনের বাকি সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়। এদিন সূচক কমলেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ১ হাজার ৯৭ কোটি ৫২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৫৩০৯ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১ হাজার ৭ কোটি ৭৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৭৮ লাখ ১ হাজার টাকা বা ৮.৯০ শতাংশ।
মঙ্গলবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪৭৬ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৩.৪১ শতাংশ।
এদিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দিনভর এ কোম্পানির ২৫ লাখ ২০ হাজার ৬৪০ শেয়ার ৬৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
এ ছাড়া এমজেএল বিডির ৫৪ কোটি ১ লাখ, গ্রামীণফোনের ৪০ কোটি ৪৬ লাখ, বেক্সিমকোর ২৬ কোটি ৪ লাখ, ডেল্টা লাইফের ২৫ কোটি ৩ লাখ, সামিট পাওয়ারের ২৩ কোটি ৬০ লাখ, বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৯ লাখ, তিতাস গ্যাসের ২১ কোটি ৪ লাখ, ডেসকোর ২০ কোটি ৫৯ লাখ, এবং পিলপল লিজিংয়ের ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৩৫ পয়েন্টে। দিনভর সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৪ লাখ টাকা।
ঢাকা, ১৪ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





