দেশের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম ৮ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজার ভেদে পণ্যটির দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সরকারি মিলে পরিশোধিত চিনির দাম বাড়ায় পণ্যটির দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

দেশের বাজারে সাধারণত সরকারি মিলের লাল রঙের চিনি ও বেসরকারি মিলের সাদা রঙের চিনি পাওয়া যায়। বর্তমানে উভয় ধরনের চিনির দামই বেড়েছে।

রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা জানান, ২০-২৫ দিন আগে প্রতি বস্তা (৫০ কেজি) চিনির দাম ছিল ১হাজার ৭০০ টাকা থেকে ১হাজার ৭৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম ছিল ৩৪-৩৫ টাকা।

গত সপ্তাহে প্রতি বস্তা চিনির পাইকারি দাম ছিল ২হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকা। আর প্রতি কেজি চিনির দাম পড়ছে ৪৪-৪৫ টাকা।

বর্তমানে প্রতি বস্তা সাদা চিনির দাম ২হাজার ১৫০ টাকা ও প্রতি বস্তা লাল চিনির দাম ২হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম পড়ছে ৪৩ থেকে ৪৪ টাকা।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ৪৮ টাকা বিক্রি হয়।

সরকারের স্টকে অনেক চিনি মজুদ রয়েছে। কিছুদিন পর নতুন চিনি আসবে। স্টক কমানোর জন্যই মূলত আমদানি কমানোর চিন্তা করেছে সরকার। এ কারণে আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। আর স্টকের চিনির দামও বাড়িয়েছে।

এমএম