রাজধানীর বাড্ডায় চুনজি গার্মেন্টস শ্রমিকদের ৪ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছে চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ইউনিয়ন ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারা বেগম বলেন, জানুয়ারিতে শ্রমিকরা আন্দোলন করলে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত পাওনা পরিশোধ করে। কিন্তু আবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাওনা বকেয়া হলে শ্রমিকরা মার্চ মাসে আবারও আন্দোলন করে। তখন গার্মেন্টস কর্তৃপক্ষ ডিসেম্বর ও জানুয়ারির মাসের পাওনা পরিশোধ করে।’
এরপর ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত পাওনা বকেয়া রয়েছে।
তিনি বলেন, ‘এখন আবার পাওনা চাইতে গেলে স্থানীয় মাস্তান দিয়ে শ্রমিকদেরকে বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় ৪ মাসের পাওনা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুমন হাওলাদার, শ্রমিক নেতা জলি তালুকদার, ইউনিয়ন ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক হাসান সিদ্দিক প্রমুখ।
এমএ





