ভুটানের জলবিদ্যুৎখাতে বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চুডেন। তিনি বলেন, এখাতে বিনিয়োগ করে

উৎপাদিত বিদ্যুৎ মুক্তবাণিজ্য চুক্তির আওতায় ভারতসহ অন্যান্য দেশে বিক্রি করে বাংলাদেশি উদ্যোক্তারা লাভবান হবে। তিনি ভুটানে কৃষিভিত্তিক শিল্পস্থাপনের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোমবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আহবান জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটান দূতাবাস ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ¦তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দু’দেশের মধ্যে শিল্পখাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ভুটানের জন্য ফলপ্রসূ হতে পারে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশি আ‎ইটি বিশেষজ্ঞরা ভুটানে সফটওয়্যার রপ্তানি করছে।

তিনি অবকাঠামোগত নির্মাণের জন্য বাংলাদেশ ভুটান থেকে গুণগতমানের পাথর আমদানি করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী ভুটানকে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্ধুপ্রতীম ভুটানের সাথে বাংলাদেশ বিনিয়োগ ও শিল্পায়নে একসাথে কাজ করতে আগ্রহী। এক্ষেত্রে

তিনি দু’দেশের মধ্যে যোগাযোগ বা কানেকটিভিটি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি রাষ্ট্রদূতকে জলবিদ্যুৎসহ ভুটানের অন্যান্য শিল্পখাতে বিনিয়োগের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের উৎসাহ যোগানোর আশ্বাস দেন।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর