রাষ্ট্রায়াত্বখাতের ব্যাংকগুলো খেলাপি ঋণ বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। একই সাথে ব্যাংকিংখাতে সুশাসন নিশ্চিত করারও তাগিদ দিয়ে আন্তর্জাতিক এই সংস্থাটি।

আজ সোমবার সকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়া ফানের নেতৃত্বে বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তারা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এই বৈঠকে রাষ্ট্রায়াত্ব খাতের ব্যাংক নিয়ে বিশ্বব্যাংক উদ্বেগ প্রকাশ করে বলে জানা গেছে।

পরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান সাংবাদিকদের জানান, ‘এটি ছিল নিয়মিত সাক্ষাৎ। এ বৈঠকে তবে আইডিএ’র বিষয়ে কথা হয়েছে। আমরা অর্থমন্ত্রীকে বলেছি, বিশ্বব্যাংক আইডিএ থেকে যে সহায়তা দেয় তা গত বছরের চেয়ে আগামী বছরগুলোতে বাড়বে।

তবে বাংলাদেশের আর্থিক খাতের বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোয় এনপিএল (নন পারফর্মিং লোন কুঋণ বা খেলাপি ঋণ) অত্যন্ত বেশি। এটি কমিয়ে আনতে হবে। বিষয়গুলো কীভাবে করা যায় সেজন্য আমরা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবো।’

দুপুরে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অঙ্গভুক্ত প্রতিষ্ঠান আইডিএ (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) আগামী তিন বছরে আগের চেয়ে এক বিলিয়ন ডলার বেশি ঋণ সহায়তা দেবে। এর ফলে আগামী জুলাই থেকে পরবর্তী তিন বছরের জন্য তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা পাবে সরকার।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক গ্রুপের আইডিএ ফান্ডের মেয়াদ ২০১৭ সালের জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। আইডিএ থেকে পরবর্তী তিন বছরে ঋণ নেয়ার বিষয়েই বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে।

তারা বলেছেন, আইডিএ’র মাধ্যমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার বাড়তি ঋণ সহায়তা দেয়া হবে। ফলে দুই বিলিয়ন ডলারের পরিবর্তে তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাবে বাংলাদেশ।

অর্থমন্ত্রী জানান, আইডিএ’র চলতি মেয়াদ আগামী জুনে শেষ হয়ে যাবে। তার আগেই অবশিষ্ট পাঁচ মাসের জন্য আমরা বর্ধিত সুদে ৫শ’মিলিয়ন ডলার ঋণ চেয়েছিলাম। কিন্তু, খাতগুলো সুনির্দিষ্ট না থাকায় বিশ্ব ব্যাংক বলেছে এটা সম্ভব নয়।

অর্থমন্ত্রী বলেন, ‘এর পরিবর্তে বিশ্বব্যাংক নিজেই একটা প্রস্তাব দিয়েছে আমাদের। তারা এলজিইডি খাতে তিনশ’মিলিয়ন ডলার আর হাউজিং খাতে তিনশ’মিলিয়ন ডলার। পাশাপাশি ব্যাংকিং খাত সংস্কার ইস্যুতেও তারা ঋণ সহায়তা দিতে চায়।

তবে এর পরিমাণ জানানো হয়নি। এজন্য যৌথভাবে রোডম্যাপ তৈরি করা হচ্ছে। যদি এটা এই সময়ে সম্ভব না হয় তাহলে আইডিএ’র আগামী প্রান্তিকে যুক্ত হবে।’

এমবি