হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত বাংলাদেশের চিংড়ি সম্পদের বাজার সম্প্রসারণের জন্য নিউইয়র্ক প্রবাসীদের আহবান জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

বাংলাদেশের হিমায়িত মাছ বিশেষ করে বাগদা চিংড়ি ও চিংড়িজাত পণ্যের বাজার সম্প্রসারণে নিউইয়র্কের প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব।

এছাড়াও তিনি প্রবাসীদেরকে ’ব্লাক টাইগার’ হিসেবে খ্যাত সুস্বাদু ও বহুগুণে গুণান্বিত বাগদা চিংড়ির ব্র্যান্ডিংয়ের জন্য তাদের এগিয়ে আসারও আহ্বান জানান।

শুক্রবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ মার্চ নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে প্রবাসী বাংলাদেশি নেতাদের সঙ্গে বৈঠককালে এ আহবান জানানো হয়।

এছাড়াও হিমায়িত মাছ ও চিংড়ি শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন আইনগত পদক্ষেপ ও প্রতিপালন বিষয়ে সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, চিংড়ি শিল্পে উল্লেখযোগ্য ও দৃশ্যমান মানোন্নয়ন ঘটেছে।

বৈঠকে বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী নেতারা ছাড়াও অন্যান্যদের মধ্যে কনসাল জেনারেল মো. শামীম আহসানও উপস্থিত ছিলেন।‍

 

এমআইএস।