[b]ঢাকা: [/b]শেয়ারবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৭ জানুয়ারি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ১৫ জানুয়ারি তা কমিশনে এ পৌঁছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
প্রসঙ্গত, পৃথক ট্রাইব্যুনাল না থাকায় শেয়ারবাজার-সংক্রান্ত বেশকিছু মামলা বছরের পর বছর ঝুলে আছে। ১৯৯৬ সালে শেয়ার কারসাজির জন্য দায়ের করা ১৫টি মামলা প্রায় ১৬ বছরেও নিষ্পত্তি হয়নি। বিশেষ ট্রাইব্যুনাল গঠন হলে শেয়ারবাজার-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। ২০১২ সালে এ ট্রাইব্যুনাল গঠনে অনুমোদন দেয় সরকার।
১৯৬৯ সালের অধ্যাদেশ সংশোধন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ২০১২ প্রণয়ন করা হয়। ২০১৩ সালের ২৪ নভেম্বর সচিব কমিটির সভায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনে একজন বিচারকসহ মোট ছয় সদস্যের জনবল কাঠামোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ২০১২-এর ২৫(বি) ধারা অনুসারে এ সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে একজন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের বেতন স্কেল ৩৬ হাজার থেকে ৩৯ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়।
জানা গেছে, একজন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের সমন্বয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সরকার তাকে নিয়োগ দেবে। তিনি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর অধীনে সব ক্ষমতা প্রয়োগ করবেন।
বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হওয়ায় আপিল বিভাগ ছাড়া এর আগে দায়ের করা এ-সংক্রান্ত মামলা অন্য যেকোনো আদালত থেকে এ ট্রইব্যুনালে স্থানান্তর করা যাবে।
এক্ষেত্রে ওই সব মামলা শুনানি বা কার্যাদি যে পর্যন্ত সম্পন্ন হয়েছে, সে অবস্থা থেকে মামলা চালাতে পারবেন ট্রাইব্যুনাল। নিম্ন আদালতে মামলা দায়েরের পর অনেক ক্ষেত্রে ওই মামলা হাইকোর্টে স্থগিত হয়। কখনো নিম্ন আদালতে রায় হলেও উচ্চ আদালতে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়।
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছে কমিশন।
এছাড়া কমিশনের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধেও সংক্ষুব্ধ কোম্পানি বা কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিরা কেবল এ ট্রাইব্যুনালেই মামলা করার অধিকার পাবে। তবে ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ পক্ষের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ থাকবে। কারসাজির ঘটনা ছাড়াও নিয়ন্ত্রক সংস্থার কোনো নীতি বা আইন প্রণয়ন বা সিদ্ধান্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে এ আদালতেই প্রতিকার চাইতে হবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
বিএসইসির বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রজ্ঞাপন জারি
ঢাকা: শেয়ারবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৭ জানুয়ারি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ১৫ জানুয়ারি তা কমিশনে এ পৌঁছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।





