পতন দিয়েই সপ্তাহ শেষ করল দেশের উভয় পুঁজিবাজার। টানা আট কার্যদিবস পতনের পর এক দিন সূচকের উত্থান হলেও তা পতনে নেমে যায়। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতনের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
এদিন বিক্রেতার আধিক্য থাকলেও ক্রেতার দিক থেকে প্রয়োজনীয় সাড়া ছিল না। এতে করে মূল্য সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন এ কোম্পানির ৭ লাখ ৮২ হাজার ৬২০টি শেয়ার ২০ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪১০ পয়েন্টে। এদিন লেনদেন হয় ২৭১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৯ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৮৯ লাখ টাকা।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]