নতুন বছরের প্রথম দিনেই স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

গত মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয় মূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাৎ প্রতিভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।

সংগঠনটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল বলেন, 'আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা রূপার দাম ওঠানামা করে।

এজন্য বুধবার থেকে বাড়তি দামে স্বর্ণ বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থাকবে'।

বাজুস তথ্যমতে, বুধবার (২ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা।

এর আগে ২২ ডিসেম্বর বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ঘোষণার ৬ ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীরা।

এএস