রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহজুড়ে বেড়েছে সবজির দাম। শনিবার রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায়, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শালগম, গাজরসহ বেশকিছু সবজির দাম বেড়েছে কেজি ও আকারভেদে ৫-২৫ টাকা। অন্যদিকে পটোল, ঝিঙা, করলাসহ কয়েকটি সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ২০-২৫ টাকা।
খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। টমেটো কেজিতে ৫-৭ টাকা বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা। বড় ফুলকপি ৩০-৩৫ ও বড় বাঁধাকপি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের লাউ গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও তা বেড়ে হয়েছে ৫৫-৬০ টাকা।
ক্ষীরা  কেজিতে ২-৩ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৫-১৬ টাকায়। মটরশুঁটির দাম গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। শিম কেজিতে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়ে গতকাল তা বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়।
শান্তিনগর বাজারের সবজি ব্যবসায়ী শাহজাহান মোল্লা জানান, সারা দেশ থেকে সবজি ঢাকায় কম আসছে বলে পাইকারি বাজারে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে খুচরায়ও। একই কথা জানান কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরাও। তারা জানান, রাজধানীতে বেশির ভাগ সবজি আসে পাবনা, কুষ্টিয়া, যশোর ও নরসিংদী অঞ্চল থেকে। এছাড়া সাভার থেকেও সবজি আসে। ওই অঞ্চলগুলো থেকে সরবরাহ কমে আসায় দাম বেড়েছে বাজারে।
এদিকে গ্রীষ্মকালীন সবজির মধ্যে প্রতি কেজি পটোল ৮৫-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার করলা ৮০-৮৫ টাকা কেজিতে বিক্রি হয়, গত সপ্তাহে যা ছিল ৯৫-১০০ টাকা। বেগুন কেজিপ্রতি ১০-১২ টাকা কমে শনিবার বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা দামে।
করলা ১০০ টাকা থেকে কমে কেজি প্রতি বিক্রি হয়েছে ৮০-৯০ টাকায়। শসা ৩৫-৪০ টাকা, ঢেঁড়শ ৬০-৬৫ টাকা। বরবটির কেজি গত সপ্তাহে ছিল ৯০-১০০ টাকা, গতকাল তা ৮০-৮৫ টাকায় বিক্রি হয়।
আলুর দাম স্থিতিশীল আছে। নতুন আলু কেজি ১০-১৫ এবং লাল আলু ১৫-১৮ টাকায় বিক্রি হয়েছে। দেশী রসুন প্রতি কেজি ৫০ টাকা হলেও আমদানিকৃত রসুনের কেজি ৭০-৮০ টাকা। তবে বাজারে দেশী ও আমদানি উভয় পেঁয়াজ কেজি ২২-২৫ টাকা ও আদা বিক্রি হচ্ছে কেজি ১৪০-১৫০ টাকায়।
কিছুটা স্থিতিশীল ডিম এবং মাছ ও মাংসের দাম। দেশী বড় মুরগি কেজি ৩০০-৩৫০ টাকা, পাকিস্তানি ১৫০-২০০ টাকা। তবে ব্রয়লার কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৪৫-১৫০ টাকায়। ডিমের হালি ২৮-৩০ টাকা। ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৫৫০-৬০০ টাকায় এবং বড় দেশী রুই কেজি ২৫০-৩০০ টাকা। গরুর মাংস ২৭০-২৮০ টাকা ও খাসির মাংস বিক্রি হয়েছে ৪৫০-৪৬০ টাকায়।
শনিবার মাছের দাম কিছুটা স্থিতিশীল থাকে। প্রতি কেজি হাইব্রিড রুই ২০০-২৫০ টাকা ও দেশী রুই ২৫০-৩৫০, হাইব্রিড কাতল ১৬০-২০০ টাকা এবং দেশী কাতল ২৮০-৩২০ টাকা, হাইব্রিড  কৈ ১৫০-২০০ টাকা, দেশী কৈ ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া পাঙ্গাশ ১৪০-১৮০, তেলাপিয়া ১৫০-২০০, সিলভার কার্প ১৩০-১৮০, স্বরপুঁটি ১২০-২০০ ও মৃগেল ১৫০-২৮০ টাকায় শনিবার বিক্রি হয়েছে।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]