বাংলাদেশের পানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসে ইউরোপে পান রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় কমিশন। তারপরও গোপনে পান রপ্তানি করছিল ব্যবসায়ীরা৷

অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দি ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এ মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার পরও শাকসবজির মধ্যে পান ঢুকিয়ে গোপনে ইউরোপে পান রপ্তানি করছিলেন কিছু ব্যবসায়ী৷ সেটা ধরা পড়ায় এখন ফলমূল ও শাকসবজি রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ এর ফলে প্রায় দেড় হাজার কোটি টাকা রপ্তানি আয়ের সুযোগ নষ্ট হতে পারে বলে জানিয়েছে দৈনিকটি৷

বিষয়টি নিয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন৷ কারণ গোপনে পান রপ্তানির সঙ্গে কতিপয় কাস্টমস কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে৷

বাংলাদেশ থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া পানে সালমোনেলা পাওয়া যাওয়ায় ইউরোপীয় কমিশনের ‘ব়্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড'বা আরএএসএফএফ গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পানের উপর নিষেধাজ্ঞা জারি করে৷ এই নিষেধাজ্ঞার মেয়াদ জুলাই মাস পর্যন্ত৷ তবে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে মেয়াদ আরও বাড়তে পারে৷

এদিকে বাংলাদেশের পানের উপর নিষেধাজ্ঞায় চিন্তিত ভারতও৷ ‘টাইমস অব ইন্ডিয়া' পত্রিকায় ২৫ জুন তারিখে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সালমোনেলা ব্যাকটেরিয়াটি পানি থেকে পানে যায়৷ এবং সেটা পানের বহিরাংশেই থাকে৷ তাই পান রপ্তানির আগে যদি জীবাণুমুক্ত করে দেয়া হয় তাহলে ভাল হয়৷সালমোনেলার কারণে ডায়রিয়া ও বমি হতে পারে।

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ