বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কানেকটিভিটি না থাকলে আমাদের নিজেদেরই সমস্যা। আমরা মূল্যায়ন করে দেখেছি ভারত থেকে পণ্য আমদানি সস্তা। বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি করলে দাম কম পড়ে। ভারত থেকে মূলধনী যন্ত্রপাতি, যানবাহনসহ অনেক পণ্যই আমরা আমদানি করি।
তিনি আরো বলেন, ট্রানজিট-করিডর নিয়ে আমাদের একধরনের মাইন্ডসেট আছে। সেটা পরিবর্তন করতে হবে। এ ব্যাপারে মনস্থির করতে হবে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিবিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠকের পরে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তোফায়েল আহমেদ আরও বলেন, এখন গ্লোবালাইজেশনের যুগ। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় আমরা বাণিজ্য করি। তাই সবার সঙ্গেই সংযোগ থাকা দরকার।
বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তি করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করছে, আমরাও করব। আগামী ২০১৫ সালের জানুয়ারিতে চিলিতে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করব। রাশিয়ার সঙ্গে একই বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান। তবে মুক্তবাণিজ্য বা ট্রানজিট যা-ই করা হোক না কেন তা নিজেদের দেশের স্বার্থরক্ষা করেই করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]