বাংলাদেশ থেকে গত ১০ বছরে প্রায় ১৪.০৫৯ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছে ইকুইটি বিডি। তারা বলেছে, বিদেশে পাচার করা এই অর্থ ২০১২-১৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমান। এতে সরকার প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইকুইটি বিডির উদ্যোগে ‘রাজস্ব আয় বৃদ্ধিতে বহুজাতিক কোম্পানির কর ফাঁকির কৌশল রোধ করতে হবে’ র্শীষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইকুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী, ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মনোয়ার মোস্তফা, ইকুইটিবিডির সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে ইকুইটি বিডি বলেছে, বাংলাদেশে ব্যপক হারে কর গোপন করা হচ্ছে। তারা বলেছে, বাংলাদেশে চারটি সেলফোন অপারেটর কোম্পানি ৩১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।
এর মধ্যে গ্রামীনফোন নতুন গ্রাহকদের কাছে সিম বিক্রি করলেও রিপ্লেসমেন্ট দেখিয়ে কর ফাঁকি দিচ্ছে। বাংলালিংক কর ফাঁকি দিয়েছে ২৭ লাখ ৫৮ হাজার টাকা রিপ্লেসমেন্ট দেখিয়ে। রবির এই ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার পরিমাণ ৬১ হাজার টাকা। আর এয়ারটেল এর পরিমাণ ৫ লাখ ৫৮ হাজার টাকা।
অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথা উল্লেখ করে জানানো হয়, এই কোম্পানিটি তাদের দুটি ব্র্যান্ডের সিগারেটের মূল্যস্তরে অসত্য ঘোষণা দিয়ে ১ হাজার ৯২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]