রাজস্ববান্ধব নয়, বাজেট ব্যবসা ও শিল্পবান্ধব হওয়া উচিত বলে মন্তব্য করেছেন  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।  রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ আলোচনা সভার আয়োজন করে।
গোলাম হোসেন আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের কর্মকান্ড বেড়েছে ফলে রাজস্ব দেবার ও আদায়ের পরিমাণ বেড়েছে। তিনি বলেন, দেশের বাজেট এখন আভ্যন্তরীন আয়ের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেট ব্যবসা ও শিল্পবান্ধব না হলে এর প্রভাব দেশের ১৬ কোটি মানুষের উপর পড়বে। তাই এনবিআর রাজস্ববান্ধব বাজেট চায় না। তিনি ব্যবসায়ীদের সাথে একমত পোষন করে এবারের বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব হওয়া উচিত বলে মন্তব্য করেন।
সভায় আসন্ন বাজেটের ধরন এবং আকার নিয়ে পরামর্শমূলক আলোচনা করা হয়। সভায় চট্টগ্রামের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা বাজেট বিষয়ে তাদের স্ব স্ব পরামর্শ তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে ১০৭টি সুপারিশ তুলে ধরা হয়। এ বিষয়ে গোলাম হোসেন সুপারিশগুলো বিবেচনা করার প্রতিশ্রুতি দেন।  
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাজেটে চট্টগ্রামের উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটের কমিশনাররা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]