শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের মধ্যবিত্ত শ্রেণিকে উন্নয়ন ও উৎপাদনের ধারায় সম্পৃক্ত করে শিল্পায়ন কর্মকান্ড শক্তিশালী করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিষ্ঠার ৫৭ বছরে এ সংস্থা দেশে আলোকিত শিল্প উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি শক্তিশালী ক্ষুদ্র ও কুটির শিল্পখাত গড়ে তুলে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছে। তিনি ২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে এ সংস্থার কার্যক্রম ঢেলে সাজানো পরামর্শ দেন।

শিল্পমন্ত্রী তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সৃষ্টি, দারিদ্র্যবিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিসিক কর্মকান্ডের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভা এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন। রোববার রাজধানীর বিসিক ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিসিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, বিসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামরুল ইসলাম বক্তব্য রাখেন।

শিল্পমন্ত্রী বলেন, বিসিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সেবা সহায়তার ফলে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৪ হাজার ক্ষুদ্র শিল্প ও ৮ লাখ ৩০ হাজার কুটির শিল্প গড়ে ওঠেছে। এসব শিল্প কারখানায় প্রায় ৩৬ লাখ ১৪ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত ৫৭ বছরে বিসিকের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ৭৪টি শিল্পনগরি স্থাপিত হয়েছে। এসব নগরিতে এ পর্যন্ত

৪ হাজার ৬২৬টি শিল্প কারখানা গড়ে ওঠেছে। এর মধ্যে ৮শ’ ৬৫টি ইউনিট রপ্তানিমুখী। এসব শিল্প ইউনিটে ক্রমপুঞ্জিভূত বিনিয়োগের পরিমাণ ১৭ হাজার ৪শ’ ১১ কোটি টাকারও বেশি বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান সরকারের শিক্ষানীতির উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, যুগোপযোগী শিক্ষানীতির ফলে দেশে গুণগত শিক্ষার প্রসার ঘটেছে। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোনিবেশ করছে এবং পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করছে। তিনি প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মেরুদন্ড হিসেবে উল্লেখ করে বলেন, গুণগত প্রাথমিক শিক্ষা প্রসারের লক্ষ্যে বঙ্গবন্ধু

স্বাধীনতাত্তোর দেশে ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। এর দীর্ঘ ৪০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মেয়াদে রাষ্ট্র পরিচালনাকালে দেশের সাড়ে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।

পরে মন্ত্রী ২০১৩ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বিসিক পরিবারের ৩৮ জন মেধাবী সন্তানের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর