বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে দেশের জিডিপিতে দেশের রেমিট্যান্সের অবদান ১০ শতাংশ বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি’র আয়োজনে ‘কিক অব রিকগনাইজেশন ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণের দিক থেকে শীর্ষ ১০ ব্যাংকে পুরস্কার দেওয়া হয়েছে। স্বর্ণপদক পেয়েছে ইসলামী ব্যাংক, রৌপ্যপদক পেয়েছে অগ্রণী ব্যাংক ও ব্রোঞ্জপদক পেয়েছে সোনালী ব্যাংক। এ ছাড়া সাধারণ ক্যাটগরিতে পুরস্কার পেয়েছে জনতা, ন্যাশানাল, ব্র্যাক, পূবালী, প্রাইম ও সিটি ব্যাংক।
অনুষ্ঠানে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ বিভিন্ন ব্যাংককে দুই ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। ব্র্যান্ডিং বাংলাদেশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও বিকেএমইএ।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। বর্তমানে দেশের জিডিপিতে দেশের রেমিট্যান্সের অবদান ১০ শতাংশ। এতবড় রাজনৈতিক অস্থিরতার পরও দেশের অর্থনীতি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ রেমিট্যান্স প্রবাহ।
তিনি বলেন, গ্রাম অঞ্চলে এসএমই খাতে বিনিয়োগের অধিকাংশই প্রবাসীদের পাঠানো অর্থ। তাদের পাঠানো অর্থ থেকে দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে সকল সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সুবিধা আরো বাড়িয়ে দেওয়া হবে।
আতিউর বলেন, প্রবাসীদের অর্জিত অর্থের ৮০ভাগই দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ব্যাংক, বীমা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে প্রবাসীরা বিনিয়োগ করছে। এসব খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে বলে মনে করেন তিনি।
আতিউর বলেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে আমাদের জনশক্তি উন্নয়ন ব্যুরোকে আরও সচেতন হতে হবে, যাতে দক্ষ মানবশক্তি আমরা প্রেরণ করতে পারি। দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে পৃথিবীর বিভিন্ন দেশে ৩৭টি ব্যাংকের এক্সচেঞ্জ হাউস রয়েছে। মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন সুযোগ কাজে লাগাতে দেশটিতে এক্সচেঞ্জ খোলার চিন্তাভাবনা চলছে।এনআরবি সেন্টারের চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন ও অর্থনীতিবিদ ড. ইব্রাহিম খালিদ।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]