সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ করে পুরস্কার পেল ১২২ ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠান। এবার সারাদেশের করদাতাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ৯টি ও সারাদেশে ১১৩ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় মূসক দিবস ২০১৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে তাদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১২-১৩ অর্থবছরে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে সবচেয়ে বেশি মূসক জমা দিয়েছেন, তাদেরকে দেওয়া হয়েছে এ সম্মাননা। এবার উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে

সর্বোচ্চ মূসক পরিশোধ করা ১২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। এরমধ্যে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচন করে এ পুরস্কার দেওয়া হয়। জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উৎপাদন পর্যায়ে তিন, সেবা পর্যায়ে তিন ও ব্যবসায়ী পর্যায়ে তিন প্রতিষ্ঠান।

জাতীয় পর্যায়ে সেরা মূসকদাতার পুরস্কার পাওয়া ৯ প্রতিষ্ঠান হলো-উৎপাদন ক্যাটাগরিতে হবিগঞ্জের মেসার্স রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন, মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ড প্রজেক্ট লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন লিমিটেড।

সেবা ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে নরসিংদীর আর এফ এল প্লাস্টিকস্ লি., টিইউভি এসইউডি বাংলাদেশ (প্রা.) লি., ন্যাশনাল টেলিভিশন লিমিটেড। ব্যবসা ক্যাটাগরীতে পেয়েছে, হুওয়াই টেকনোলোজিস বিডি লি., মেসার্স এম এম ইস্পাহানী (বিক্রয় ও বিপণন বিভাগ) ও লালমাটিয়ার ব্র্যাক আড়ং।

এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইযের সাবেক সভাপতি মনোয়ারা হাকিম আলীসহ এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর