আয়কর মেলার শেষ দিন আজ সোমবার। শেষ দিনে আয়কর মেলায় ভীড় বাড়ছে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। সন্ধ্যা ৭টায় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

এনবিআর কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার ষষ্ঠ দিনে গতকাল ঢাকাসহ সাতটি বিভাগীয় শহর এবং ২৩টি জেলা শহরে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ৯৪ হাজার ৮৪০ জন করদাতাকে সেবা দেওয়া হয়েছে।

৬ষ্ঠ দিনে জাতীয় আয়কর মেলার ঢাকায় আয়কর আদায় হয়েছে ২১৮ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৭৮১ টাকা। গত বছরের ৬ষ্ঠ দিনের চেয়ে ১১০ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৬৩২ টাকা বেশি আদায় হয়েছে এবার। এ হার ১০১.৬৯ শতাংশ বেশি।

হরতাল ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে মেলার ৬ষ্ঠ দিনে করদাতা ও সেবাগ্রহীতার হার ছিল উল্লেখযোগ্য। জাতীয় আয়কর মেলা মিডিয়া সেল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। মিডিয়া সেল সূত্র জানায়, রোববার ঢাকাসহ সাতটি বিভাগীয় শহর ও ২৩টি জেলা শহরে এক সঙ্গে জাতীয় আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

রোববার মেলায় সেবাগ্রহণ করেছেন ৯৪ হাজার ৮৪০ জন, যা গতবছরের একই দিনের তুলনায় ৫ হাজার ৫৭ জন বেশি। আর আয়কর রিটার্ন জমা পড়েছে ২৪ হাজার ৩১টি, যা গত বছরের একই দিনের তুলনায় ৮০২টি বেশি।

এবার নতুন নিবন্ধন (ই-টিআইএন) নিয়েছেন ২ হাজার ৪৬ জন, যা গতবছরের তুলনায় ৩৫টি বেশি। পুনর্নিবন্ধন করেছেন ১ হাজার ৪৫৬ জন।সূত্র জানায়, ছয়দিনে সারাদেশে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ২৬৩ টাকা; যা গতবছরের একইদিনের তুলনায় ৫১৬ কোটি ৩১ লাখ ১১ হাজার ৯৫৮ টাকা।

ছয়দিনে নতুন নিবন্ধন (ই-টিআইএন রেজিস্ট্রেশন) নিয়েছেন ১২ হাজার ৮৪১ জন, যা গতবছরের একইদিনের তুলনায় ২ হাজার ৭৮৩ জন বেশি। পুনর্নিবন্ধন (ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন) নিয়েছেন ৯ হাজার ১৯৮ জন করদাতা।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর