আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে এনবিআরের মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক অনুবিভাগের শাখা থেকে বাজেট প্রস্তাবনা চেয়ে মাঠ পর্যায়ে এনবিআরের কার্যালয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের (অংশীদার) কাছে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে আগামী অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের দাবি-দাওয়া সংক্রান্ত প্রস্তাব পাঠানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। গত মঙ্গলবার ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের কাছে পাঠানো ওই সব চিঠিতে আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্কের বিষয়ে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক উপায়ে তুলে ধরার জন্য বলা হয়েছে।
জানা যায়, প্রতিবছর মার্চ থেকে পরবর্তী অর্থবছরের বাজেট কার্যক্রম শুরু করলেও এবার জানুয়ারি মাস থেকেই বাজেট প্রস্তুতি শুরু করেছে এনবিআর। আগামী ২০১৪-১৫ অর্থবছরে একটি ভালো বাজেট দিতেই এনবিআর একটু আগেই প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনবিআর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রতি অর্থবছরের মতো রাজস্ব আদায় বৃদ্ধি, বাণিজ্য উদারীকরণ ও বাজেটের পদ্ধতিগত জটিলতা নিরসনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এসব ব্যবস্থা নেওয়ার জন্য এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ী সমিতি, অ্যাসোসিয়েশন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতামত এবং পরামর্শ গ্রহণ করা হয়।
এ ছাড়া এনবিআরের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কার্যালয়কে কর্মকালীন সময়ে কর-সংশ্লিষ্ট জটিলতার বাস্তব অভিজ্ঞতার আলোকে সৃষ্ট সমস্যা সমাধানে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ করা হয়েছে। এসব অফিসকে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রস্তাবনা পাঠাতে হবে।
জানা যায়, প্রতিবছরের জুন মাস থেকে নতুন অর্থবছর শুরু হয়। জুনের শুরুর দিকে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী পরবর্তী বছরের আয় ও ব্যয়ের বাজেট তুলে ধরেন। তবে বাজেট প্রণয়নের মূল কাজ করে এনবিআর। আর প্রতিবছরের মতো এবারও বাজেট সমন্বয় করার জন্য একজন কর্মকর্তাকে বাজেট সমন্বয়কারী হিসেবে শিগগিরই নিয়োগ দেবে এনবিআর।
রেওয়াজ অনুযায়ী বাজেট সমন্বয়কারী এনবিআরের মূসক, শুল্ক, আয়কর ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ করে সমন্বয় করে চূড়ান্ত বাজেট তৈরির জন্য পেশ করবেন।
এ ছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
বাজেট তৈরির কাজ শুরু করেছে এনবিআর
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে এনবিআরের মূল্য সংযোজন কর (মূসক)





