সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪৭ কোটি টাকা বেড়ে ৩৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত ১৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
লেনদেনের সঙ্গে বেড়েছে মূল্যসূচকও। একই চিত্র ছিল অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় মোট ৩৪৬ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এর আগে গত ১৫ জানুয়ারি ডিএসইতে ৩৩১ কোটি টাকা লেনদেন হয়। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৯৯ কোটি ৪১ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়ায়।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
লেনদেন হয় মোট ৪১ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার যা ছিল ২৬ কোটি ০৫ লাখ টাকা।
ডিএসই টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হল- ইফাদ অটোস, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট, মবিল যমুনা, আমরা টেকনোলজি ও ব্র্যাক ব্যাংক।
এএইচ





