ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে মার্জিন ঋণ সুবিধা দেওয়ার কার্যকারিতা আরও ৬ মাস বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্জিন ঋণ সুবিধার কার্যকারিতা ৩১ মার্চ ২০১৪ শেষ হয়ে যাওয়ায় ডিএসইর এক আবেদনের প্রেক্ষিতে এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে কমিশন ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত বাড়িয়েছে। মার্জিন রুলস, ১৯৯৯ এর বিধি ৩(৫) এর কার্যকারিতা স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় সদস্যদের সম্মতিক্রমে মার্জিন ঋণ সুবিধা দেয়ার কার্যকারিতার সময় বাড়ানোর অনুমোদন দেয়া হয়। এর পর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়। এর পরই বিএসইসি এ ঋণের কার্যাকারিতার সময়সীমা ছয় মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর ৪৯৪তম কমিশন সভায় পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে ৩০ সেপ্টেম্বর ২০১৩ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত বাড়ানো হয়েছিলো।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]