শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, সবজির দাম আজও বাড়তি।
আজকের বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায় বেগুন (গোল) প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) প্রতি পিস ৬০ টাকা, গাজর প্রতি পিস ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
শান্তিনগর বাজারে উপস্থিত বেসরকারি চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, কিছু কিছু সবজি তার চেয়েও বেশি। এত বেশি দামে সবজি কিনতে পারছি না। আগে এক কেজি কিনতাম, এখন দাম বেশি হওয়ায় আধা কেজি কিনছি।”
মালিবাগ বাজারের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, “বিক্রেতারা বলছেন এখন বেশিরভাগ সবজির মৌসুম নয়, তাই দাম বেশি। কিন্তু চার মাস পেরিয়ে যাওয়ার পরও দাম কমছে না। বাজার মনিটরিং-এর উদ্যোগ কখনো দেখিনি।”
মগবাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, “বৃষ্টির কারণে খেত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দাম কিছুটা বেড়েছে। অনেক সবজির মৌসুম শেষ হওয়ায় দাম বাড়তে থাকবে। কিছুদিনের মধ্যে নতুন সবজি উঠলে দাম কমবে। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই সবজির দাম বাড়তি।”
বর্তমানে বাজারে সবজির চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি অব্যাহত।
এনএইচ