দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু অপপ্রচার চালিয়ে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপপ্রচারের কারণে কিছু জায়গায় লবণের দাম বেড়েছে। দামবৃদ্ধির জন্য সাংবাদিকদেরও দায় রয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

এসময় আগামী বছর কোরবানির সব কাঁচা চামড়া সরকার কিনে নেবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

এদিকে শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনেরও বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকটের গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে- ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। 

এমবি