বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার এ জে আবিসেকারা ব্যবসা-বাণিজ্য উন্নয়নে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরোও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, শ্রীলংকা বাংলাদেশ থেকে সরকারি ভাবে ঔষধ আমদানি করে এবং এক্ষেত্রে বাংলাদেশের বেসরকারী খাতের উদ্যোক্তাবৃন্দদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বাংলাদেশী ব্যবসায়ীবৃন্দকে শ্রীলংকায় ঔষধ শিল্পে আরো বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন।
সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সফররত শ্রীলংকা প্রতিনিধিদলের মধ্যকার বাণিজ্য আলোচনায় এ আহবান জানানো হয়।
শ্রীলংকার রপ্তানী উন্নয়ন বোর্ড-এর উপ-পরিচালক চান্দানি রতœায়ক শ্রীলংকায় বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তৃতায় ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান প্রতিনিধিদলকে ডিসিসিআইতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায়ে রেখে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিসিসিআই সভাপতি শ্রীলংকায় ঔষধ, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পের ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা প্রদান এবং বাংলাদেশ থেকে এসব পণ্য আরো বেশি হারে আমদানির আহবান জানান।
ডিসিসিআই সভাপতি বাংলাদেশের চট্রগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের সাথে শ্রীলংকার কলোম্বো ও ট্রিনকমলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওসামা তাসীর মুক্ত আলোচনা সঞ্চালন করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে ডিসিসিআই পরিচালক রিজওয়ান-উর রহমান শ্রীলংকার ব্যবসায়ীদের আরো বেশি হারে বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি পণ্য আমদানির আহবান জানান।
ডিসিসিআই পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, রিজওয়ান-উর রহমান, মুক্তার হোসেন চৌধুরী, হোসেন এ সিকদার, আলহাজ্ব আব্দুস সালাম, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, এম আবু হোরায়রা এবং ডিসিসিআই সচিব এএইচএম রেজাউল কবির সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৭ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





