পবিত্র রমজানে ইফতারে অন্যতম ব্যঞ্জন মুড়ি। এ সময়টাতে মুড়ির চাহিদা বেড়ে যায়। ফলে উৎপাদন এবং কেনাবেচা ব্যাপক বৃদ্ধি পায়। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে মুড়ি উৎপাদনকারী ও ব্যবসায়ীরা বছরের সবচেয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন এখন। কারখানার মালিক ও কর্মচারিরা দিন-রাত কাজ করছেন।
নারান্দিয়ার মুড়ির সুনাম এবং চাহিদা আছে দেশের বিভিন্ন স্থানে। এখানে দৌলতপুর, নগরবাড়ী, কাজীপাড়া, মাইস্তা, নারান্দিয়াসহ বিভিন্ন গ্রামে মুড়ি উৎপাদন হয় দীর্ঘদিন ধরে। মুড়ি ভাজা হয় মেশিনের সাহায্যে ও হাতে।
মুড়ি উৎপাদনের জন্য নগরবাড়ীতে দুইটি এবং দৌলতপুর দুইটি কারখানা স্থাপিত হয়েছে। চারটি কারখানায় পাঁচটি মেশিনের সাহায্যে মুড়ি ভাজা হয়।
নগরবাড়ীর লোকনাথ মুড়ির মিলের স্বত্বাধিকারী সুনীল চন্দ্র মোদক বলেন, ‘প্রতি ৫০ কেজি চালের বস্তায় ৪৩ থেকে ৪৪ কেজি মুড়ি হয়। প্রতিদিন ৫৫ থেকে ৬০ বস্তা চালের মুড়ি ভাজা হয়। প্রতি কেজি মুড়ি ৪৫-৪৬ টাকা দরে পাইকারি এবং ৫০ টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। প্রতিটি মুড়ির মিলে দিনে গড়ে এক লাখ টাকারও বেশি মূল্যের মুড়ি ভাজা হয়।’
আরও তিনটি মুড়ির মিলের কর্তৃপক্ষ একই ধরনের হিসাব দিয়েছেন।
এই এলাকার হাতে ভাজা রাসায়নিকমুক্ত মুড়ির চাহিদা ব্যাপক। কমপক্ষে ১০০টি পরিবার হাতে মুড়ি তৈরি ও ব্যবসার সঙ্গে জড়িত। একজন ব্যক্তির পক্ষে দিনে ৪৫-৫০ কেজি মুড়ি ভাজা সম্ভব হয় এবং প্রতি কেজি মুড়ি ৬০ টাকা দরে বিক্রি হয়। ফলে এক হিসাবে দেখা যায় মেশিনের সাহায্যে এবং হাতে ভেজে প্রতিদিন কমপক্ষে চার লাখ টাকার উপরে মুড়ি তৈরি এবং কেনাবেচা হচ্ছে এই এলাকায়।
রমজান মাসে অনেকে মৌসুমি ব্যবসা হিসেবে মুড়ির ব্যবসা করছেন। বিপুল সংখ্যক মানুষ মুড়ি তৈরি এবং কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
ভ্যান, অটো রিকশা ও পিকআপ যোগে ব্যবসায়ীরা নারান্দিয়ার মুড়ি টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, গাজীপুর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন।
মুড়ি ব্যবসাকে আরো ব্যাপক ও গতিশীল করার জন্য এই কাজে জড়িত ব্যক্তিদেরকে জনতা ব্যাংক থেকে বিনাসুদে ও জামানতবিহীন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যাংকের পরিচালক আবু নাসের।
কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, ‘নারান্দিয়ার মুড়ির চাহিদা এবং সুখ্যাতি শুধু টাঙ্গাইলে নয়, দেশের বিভিন্ন স্থানেও রয়েছে। মুড়ি তৈরি, বাজার সম্প্রসারণ ও ব্যবসা টিকিয়ে রাখতে এর সঙ্গে জড়িতদের যে কোনো সহযোগিতা করা হবে ।’
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





