সরকারের পক্ষে উচ্চভিলাসী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি মো আব্বাস উদ্দিন।

সোমবার (১৩জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বাজেট পরবর্তী অর্থ-আইন ২০১৬-১৭ এর উপর সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আকিল আহম্মেদ ফারুকী।

সভাপতির বক্তব্যে আব্বাস উদ্দিন বলেন, গত ২রা জুন অষ্টম বারের মত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী নিজেই বলেছেন এই বাজেট উচ্চভিলাসী। তাই আমরাও বলছি এই বাজেট বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়।

তিনি আরো বলেন, বাজেট উচ্চভিলাসী হলেও সরকার যদি কর বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে তবে লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারলেও গত অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে পারবে।

এদিকে সরকার ২০১৬-১৭ বাজেটে ৩ লক্ষ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এবার আয়ের লক্ষ্য মাত্রা ২ লক্ষ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার মধ্যে আয়কর খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩০০ কোটি টাকা। এই রাজস্ব আয়ের সিংহভাগ আদায়ে আমরা আয়কর আইনজীবীরা সহযোগিতা করে থাকি।

আব্বাস উদ্দিন বিভিন্ন সুপারিশ রেখে বলেন, দেশের অর্থ তথা বাজেটকে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন ট্যাক্স আইন পরিবর্তন ও সংশোধন করতে হবে। কেননা এই বারের বাজেট অনেকটাই জনগণ নির্ভর। তাই জনগণের নিকট হতে বাজেট নিতে হলে বাজেট আইন শিথীল করতে হবে।

তিনি বলেন, নতুন কোম্পানিকে অপ্রদর্শিত আয় দ্বারা শিল্প-কারখানা স্থাপনে ‍এবং সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদান করলে বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহিত হবেন। হাঁস-মুরগি,পশু পালন, পারিবারিক দুগ্ধ-খামার, বনায়ন, শর্ত সাপেক্ষে ব্যক্তি মালাকানাধীন হাসপাতাল এবং সমবায় সমিতির আয়কে সম্পূর্ণ রূপে করমুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর বর্তমান কাযনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ জাফরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

ইআর/এমআইএস