রাজধানীর পূর্বাচলে স্থায়ীভাবে বাণিজ্য মেলা কেন্দ্র নির্মাণে আরও তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। প্রতিবারের মতো বাণিজ্যমেলার আয়োজন করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র স্থাপনে ৬০ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী তিন বছরের মধ্যে এটি সম্পন্ন হবে। এই বাণিজ্য মেলা কেন্দ্র স্থাপনে আর্থিক সহয়তা করবে চীন। যার একটি অংশ আমরা খুব শিগগিরই পেয়ে যাবো।

তোফায়েল আহমেদ বলেন, পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র নির্মাণ হলে আমরা সেখানে ১২ মাসই মেলার আয়োজন করতে পারবো। তবে আগারগাঁওয়ের এই স্থানেও অন্তত বছরে একদিন বাণিজ্য মেলা করা হবে।

প্রসঙ্গত, পূর্বাচল উপশহরে ২০ একর জমিতে এর স্থায়ী কাঠামো গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ এর নকশার অনুমোদন দিয়েছেন। এতে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এতে চীন অনুদান দিচ্ছে ৬২৫ কোটি টাকা। বাকিটা সরকারের নিজস্ব অর্থায়ন।

এমএনজে