কোটি টাকার চামড়া যখন বর্জ্য! কোরবানির পশুর চামড়া নিয়ে কারসাজির অভিযোগের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে শনিবার থেকে কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। শনিবার (১৭ আগস্ট) থেকে মালিকরা চামড়া কেনা শুরু করবেন।
আজ বুধবার (১৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলামের সঙ্গে জরুরি বৈঠকের পর কাঁচা চামড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বিটিএ’র সভাপতি শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংগঠনের সভাপতি মো. শাহিন আহমেদ বুধবার বিকালে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ১৭ অগাস্ট থেকে চামড়া কেনা শুরু করব।”
তার আগে সকালে সংবাদ সম্মেলন করে ২০ অগাস্ট থেকে চামড়া কেনা শুরু করবেন বলে জানিয়েছিলেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন।
শাহীন আহমেদ বলেন, ‘সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা তাকে প্রতিশ্রুতি দিয়েছি, আগামী শনিবার (১৭ আগস্ট) হাটের দিন থেকে চামড়া কেনার কাজ শুরু করবো। আশা করছি, এনিয়ে আর কোনও জটিলতা হবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, দাম কোনও সমস্যা নয়। আমরা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবো। এসময় সংগৃহীত কাঁচা চামড়া শনিবার পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণে করতে আড়ৎদারদের প্রতি অনুরোধ জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, বুধবার দুপুরের পর বাণিজ্য সচিব মফিজুল ইসলাম ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদকে সচিবালয়ে ডেকে আনেন।এরপর কাঁচা চামড়া কেনার বিষয়ে দাম ও সময় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
সূত্র বলছে, সচিবের নিজ দফতরে ক্লোজ ডোর বৈঠক হয়েছে। এসময় অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। এ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় শুরু করার অনুরোধ জানায়।
এদিকে,বাণিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, কাঁচা চামড়ার গুণগত মান যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছে।
এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এএস





