ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা।

মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে আব্দুল মাতলুব আহমাদ বলেন, বাংলাদেশ খুব দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ বছর দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭.০৫ অর্জিত হতে যাচ্ছে এবং মাথাপিছু আয় ১৪১০ মার্কিন ডলারে উন্নীত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৯ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। অগ্রগতির এ পর্যায়ে দেশের সাথে সাথে এফবিসিসিআইও তার চিন্তাভাবনা ও কার্যক্রমে পরিবর্তন এনেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এফবিসিসিআই এখন বিশ্বের বিভিন্ন দেশে ‘বিনিয়োগ এবং বায়িং মিশন’ পাঠিয়ে থাকে। প্রতিবেশি দেশ শ্রীলংকার সঙ্গে  বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন।

তিনি জানান, বাংলাদেশ যেহেতু অন্যান্য দেশ থেকে টেক্সটাইল পণ্য আমদানি করছে, তাই শ্রীলংকা থেকেও এ পণ্য আমদানি করতে পারে।

এ সময় শ্রীলংকার হাইকমিশনার বাসোজা গুনাসেকারা বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ এবং বাণিজ্য আরও বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশে শ্রীলংকার কোনো কোনো পণ্যের চাহিদা রয়েছে তার একটি তালিকা তিনি এফবিসিসিআইকে দিতে অনুরোধ জানান। এ ছাড়াও তিনি বাংলাদেশি ব্যবসায়ীদেরকে শ্রীলংকায় বিনিয়োগের  আহ্বান জানান। হাইকমিশনার বাংলাদেশে শ্রীলংকার নাগরিকদের ভ্রমণে আসার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য যে, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকায় ২৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে এবং ৪৪.১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বাংলাদেশ থেকে শ্রীলংকা মূলত কৃষিজাত পণ্য, প্রকৌশল পণ্য এবং নিটওয়্যার ও ওভেন পণ্য আমদানি করে থাকে।

ইআর/এমআইএস