পেনশনার সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের উপর ৫ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন করা হবে। এক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুদ আয় করমুক্ত করা হয়েছে এবং ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের সুদের উপর ৫% হারে উৎসে কর কর্তন করা হবে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার ডেট ম্যনেজমেন্ট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাজেট কার্যক্রম ২০১৪ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ,১৯৮৪ এর
৫২উ ধারা সংশোধনপূর্বক পেনশনার সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুদ আয় করমুক্ত করা হয়েছে এবং ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের সুদের উপর ৫% হারে উৎসে কর কর্তন পূর্বের ন্যায় বহাল রাখা
হয়েছে। উৎসে কর্তিত এ কর চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে। এছাড়া অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান ৫% হারে করারোপ ও সাধারণ হারে করারোপ করার বিধানটি বলবৎ থাকবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, অর্থাৎ ১ জুলাই, ২০১৪ তারিখ অথবা তৎপরবর্তী তারিখে জারিকৃত পেনশনার সঞ্চয়পত্র ও ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





