দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এ নিয়ে টানা দুই দিন পতন হয়েছে দেশের পুঁজিবাজারে।

সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১১.২১ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৭৭৫.২৭ পয়েন্টে। রবিবার সূচক কমেছিল ২১.৯০ পয়েন্ট।

এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বাড়লেও চলতি সপ্তাহে তাতে ছন্দপতন ঘটছে। সপ্তাহের প্রথম দিন রবিবার সাড়ে ৭০০ কোটি টাকার বেশী লেনদেন হলেও সোমবার তা ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা। রবিবারের তুলনায় লেনদেন কমেছে ১০৬ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন কমার এ হার ১৪.১২ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৮১৩ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে মাত্র ৩ দিনের ব্যবধানে লেনদেন কমেছে ২০.৩৫ শতাংশ।

লেনদেনে অংশ নেয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। দিনশেষে কোম্পানিটির ৩৫ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর এ কে সিরামিকসের লেনদেন হয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা। ২৬ কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ডেসকো।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এসিআই, বিএসআরএম, গ্রামীণফোন, অলিম্পিক এক্সেসরিজ, খুলনা পাওয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৬.৮৩ পয়েন্ট কমে দিনশেষে ৮৯০৪.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

এএইচ