দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২৭ কোটি টাকার বা ২১ শতাংশ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য বেড়েছে। দিনের শুরু থেকে উভয় বাজারে মূল্য সূচক ঊর্ধ্বমুখী ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৭৪২ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
বিশ্লেষকদের মতে, আজকের বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। তবে বড় মূলধনী কোম্পানির কারণে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তারা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনে সূচকের বেড়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





