মাত্র ২০ দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
আজ বুধবার থেকে এই দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত ৩ জুলাই দাম বাড়ানো হয়েছিল।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৫৩ হাজার ৩৬২ টাকা।
দর বাড়ানোর কারণ হিসেবে মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর গত ৬ থেকে ৭ বছরের মধ্যে এখন সর্বোচ্চ। এ ছাড়া দেশি বুলিয়ন মার্কেটেও স্বর্ণের দর বেড়েছে। এ কারণে সার্বিক বিবেচনায় স্বর্ণের দর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দুই দফা দর বাড়ানো হলো।
নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের দর বেড়ে হয়েছে ৪৬ হাজার ১৪ টাকা। তবে সনাতনী স্বর্ণের দর ২৬ হাজার ৮২৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
এ যাত্রায় রুপার দরও বাড়ানো হয়নি। ৯৩৩ টাকা ভরি দরে বিক্রি হবে রুপা। নতুন দরে ২৩ ক্যারেটের প্লাটিনামের দর ধরা হয়েছে ৬৫ হাজার ২৬ টাকা। এই মানের স্বর্ণের দর এতদিন ৬৪ হাজার ১৫২ টাকা ছিল।
এএস





