দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে রাজস্ব আহরণ আগের মাসের চেয়ে সেপ্টেম্বরে বেড়েছে ২৫ শতাংশ। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্যানুসারে, সেপ্টেম্বরে ডিএসইতে মোট রাজস্ব আহরণ হয়েছে ২৪ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা, যা আগস্টে ছিল ২০ কোটি ২ লাখ ৮ হাজার টাকা।

ডিএসইর জমা দেয়া রাজস্ব দুটি খাত থেকে সংগ্রহ করা হয়। খাত দুটি হচ্ছে-ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউস এবং উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ।

সেপ্টেম্বরে ডিএসইর সদস্য ব্রোকার থেকে রাজস্ব আহরণ হয়েছে ১৭ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা, যা আগের মাসে ছিল ১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবাদ রাজস্ব আহরণ হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা।

প্রসঙ্গত, ডিএসই থেকে ২০১৩-১৪ অর্থবছর রাজস্ব আহরণের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের অর্থবছর ছিল ১২৭ কোটি ২৯ লাখ টাকা। এ সময় রাজস্ব বেড়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা, ৩ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর