রমজান মাসের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ভাটা পড়েছিল। ঘুরে ফিরে ১৩ কার্যদিবস ধরে লেনদেন ২০০ কোটি টাকার মধ্যে ছিল। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার। এর আগে ৩০ জুন লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ২১ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার লেনদেনের পাশাপাশি মূল্য সূচকও বেড়েছে ডিএসইতে। এই দিন ডিএসইএক্স বা প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়েছে। এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬০৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৫৮ শতাংশ বা ১৭৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। মোট লেনদেন হয়েছে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ঈদ উদযাপন উপলক্ষ অনেকে নগদ টাকার সংস্থান করতে শেয়ার বিক্রি বাড়িয়েছেন। এ সময় দর কিছুটা কম পাওয়ায় অনেকে শেয়ার কিনছেন। আর আজকের পর বন্ধের আগ পর্যন্ত শেয়ার বিক্রি করে নগদ টাকা তোলা যাবে না। যে কারণে আজ অনেকে শেয়ার বেশি বেচেছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণফোন, পেনিনসুলা, এনভয় টেক্সটাইল, পদ্মা অয়েল এবং ফার কেমিক্যাল লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান ১৩ হাজার ৫১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর