আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তিন বছর আগেও যে দর ব্যারেলে প্রায় ১২০ ডলারের মত ছিল। বর্তমানে দাম ১২ বছরের মধ্যে সব থেকে কম অর্থাৎ ৩০ ডলারেরও নিচে নেমে গেছে ।

মঙ্গলবার অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেলপ্রতি ৩০ ডলারেরও কমে বিক্রি হয়েছে। পণ্যটির বাজার নিম্নমুখী করে তুলেছে চীনের জ্বালানি চাহিদায় মন্দার সম্ভাবনা। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট কমে স্থির হয় ৩০ ডলার ৪৪ সেন্টে। তা ২৯ ডলার ৯৩ সেন্ট পর্যন্ত নেমেছিল।

২০০৩ সালের ডিসেম্বরের পর থেকে এমন দরপতন চোখে পড়ে না। বেঞ্চমার্ক ব্রেন্টে তেলের দাম ৬৯ সেন্ট নেমে ৩০ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়। তা ৩০ ডলার ৩৪ সেন্ট পর্যন্ত নেমেছিল।

২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত বিশ্ব বাজারে অশোধিত তেলের দর ছিল ১০০ ডলারের বেশি। সেখান থেকে দেড় বছরের মধ্যে তা এভাবে নেমে আসার মূল কারণ চাহিদার তুলনায় অনেক বেশি জোগান। গত বছরের অতিরিক্ত উৎপাদনের ফলে জমা হয়েছে ৩০০ কোটি ব্যারেল তেল।

বিশেষজ্ঞদের মতে, সারা পৃথিবীতে তেলের বাজার দখলের জন্য লড়াই চলছে উৎপাদক দেশগুলোর মধ্যে। গত ছয় বছরে অশোধিত তেলের উৎপাদন প্রায় দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র।

সেই সাথে তেলের বাজার যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর সৌদি আরবসহ ওপেক দেশগুলোও উৎপাদন বাড়িয়েছে।

আর তেলের দাম ক্রমাগত কমা সত্ত্বেও উৎপাদন ছাঁটাই করেনি তারা। এই অবস্থা চলতে থাকলে রাশিয়ার তেল-গ্যাস নির্ভর অর্থনীতিতে ধস নামতে পারে বলেও আশংকা করা হচ্ছে।

এমকে