ঈদের সময় এসেও সোয়ান গার্মেন্ট ফ্যাক্টরিসহ অন্য মালিকরাও পারিশ্রমিক দিতে টালবাহানা করছে বলে অভিযোগ করছে সোয়ান গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সোয়ান গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বকেয় বেতনও ঈদ বোনাস প্রদান, বে-আইনি ভাবে বন্ধকৃত কারখানা খুলে দেয়া এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক অবস্থান কর্মসূচিতে শ্রমিকনেতা এমদাদুল ইসলাম এ কথা বলেন।

অধিকাংশ গার্মেন্ট মালিক শ্রমিকদের হাঁড়ভাঙ্গা খাটুনি খাটিয়েও ঠিকমতো ন্যায্য পাওনা দেয় না অভিযোগ জানিয়ে এই শ্রমিকনেতা বলেন, এসব মালিকরা টাকার পাহাড় গড়ছে অথচ মজুরি দিতে এসে ছলচাতুরি করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

বেতন বোনাস বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, আমরা সামান্য মজুরিতে কাজ করি। এই অর্থে বর্তমানের বাজারে জীবন-ধারণ করা দুঃসাধ্য। তারপরও মালিকরা বেতন না দিয়ে অমানবিক আচরণ করছে আমাদের সাথে।

অবস্থান কর্মসূচিতে গার্মেন্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, সহ সম্পাদক কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।

এমএ/এআই