ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার একদিন পরেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।
গতকাল সন্ধ্যায় ৭০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনে বাড়ি ফেরেন সুমন আলী। বাড়ি ফিরতেই স্ত্রী রুমা জানান, পেঁয়াজের দাম নাকি আরও বাড়বে। শুনে সুমন আলী ভাবেন, সকালে গিয়ে আরও কিছু পেঁয়াজ কিনে আনবেন। সকালে বাজারে গিয়ে হতভম্ব তিনি। দেখলেন প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়ে গেছে ১১০ টাকা। বিক্রেতা বললেন, ‘নিয়ে নেন স্যার, দাম আরও বাড়ব।
কারওয়ান বাজারে এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার রপ্তানি নীতি সংশোধন করে পেঁয়াজকে রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, রপ্তানি বন্ধের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।
এএস





