দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের বড় ধরনের পতন হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উল্লেখযাগ্য পরিমাণে কমেছে সূচক। একই সঙ্গে টাকার অংকে লেনদেনও কমেছে উভয় বাজারে।
দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৭৬ পয়েন্টে। যা বিগত ১ বছর ২ মাসের মধ্যে ব্রড ইনডেক্সের সর্বোচ্চ পতন। এর আগে ২০১৩ সালের ২৩ জুলাই ব্রড ইনডেক্স কমেছিল ১২৫ পয়েন্ট।
আজ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড খাত সূচক কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান এই খাতগুলোর প্রায় সব কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। তবে অন্য খাতগুলোতে কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যায়।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৭৬ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৬ পয়েন্ট। তবে ঊর্ধ্বগতির এই প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পর থেকে নিম্নগতি শুরু হয় সূচকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টির দাম কমেছে। বেড়েছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১২৭ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৮১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টিরই দাম কমেছে। বেড়েছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চেয়ে ১১ কোটি টাকা কম। আগের দিন বৃহস্পতিবার সিএসইতে ৫৬ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে যমুনা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, এমজেএল বিডি, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ডেসকো, বেক্সিমকো, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।
ঢাকা, ১৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





