মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হিসাব খেলার জন্যও অভিন্ন ফরম ও গ্রাহক পরিচিতি বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক প্রজ্ঞাপনে সব আর্থিক প্রতিষ্ঠানকে ৩০ জুনের মধ্যে এ নিয়ম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠানের কর্তাদের নিয়ে গত ১১ ও ১২ মার্চ মুদ্রাপাচার প্রতিরোধ সম্মেলনে এই অভিন্ন ফরম ও গ্রাহক পরিচিতি ফরম (নো ইওর ক্লায়েন্ট-কেওয়াইসি) চালুর সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতেই বিএফআইইউ রোববার সব আর্থিক প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন পাঠায়।
এতে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৫(১)(ক) ধারা অনুযায়ী গ্রাহকের সঠিক তথ্য সংরক্ষণের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও পালন করতে হবে।
অভিন্ন ফরমের তথ্যাদি সব আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলার ফরমে অবশ্যই থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান প্রয়োজনে অতিরিক্ত তথ্যও সংযোজন করতে পারবে।
২০০২ সালে কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) সংগ্রহ ও সংরক্ষণ ব্যাংকের জন্য বাধ্যতামূলক করে।
এএইচ





