টানা চার কার্যদিবস ধরে দেশের উভয় পুঁজিবাজারে কমেছে মূল্য সূচক। একইসঙ্গে কমছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির লেনদেনও কমেছে। সোমবার ডিএসইর লেনদেন কমে ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৭৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯১ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকা।
রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪১১ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ২১৫ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ২৩ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার টাকা।
রমজান মাস উপলক্ষ্যে সময়সীমা কমিয়ে আনার কারণে লেনদেন কিছুটা কম হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিস্টরা। এ ছাড়া অনেকে শেয়ার বিক্রি করে নগদ টাকা হাতে রাখছেন। মূলত: এসব কারণে বাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৩৪৫ পয়েন্টে।
লেনদেন হওয়া ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ টাকা।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





