দেশে উৎপাদিত শিল্পপণ্য ব্যবহার করে আমদানি নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ক্ষুদ, মাঝারি ও বৃহৎ শিল্পের মধ্যকার সাব- কন্ট্রাকটিং সংযোগ ব্যবস্থার উন্নয়ন : বিধিবিধান ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনারের উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেমিনারটি বুধবার সকালে উদ্বোধন করা হয়। আমু বলেন, দেশীয় শিল্পপণ্য ব্যবহারের বিষয়টি সেক্টর করপোরেশনগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সর্বক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জনের জন্যই স্বাধীনতা। নতুন করে পাওয়া সমুদ্র সীমানাকে ঠিকমতো কাজে লাগানো গেলে দেশ অব্যশ্যই নির্ধারিত সময়ের অনেক আগেই উন্নত দেশে পরিণত হবে।

শিল্পমন্ত্রী বলেন, গার্মেন্ট খাতের অনেক পণ্য বিদেশ থেকে আমদানি করে পোশাক তৈরির পর রপ্তানি হয়। গার্মেন্টস যেমন রপ্তানি আয় বাড়িয়ে তুলছে তেমনি এ সেক্টরের জন্য অনেক পণ্য আমদানিও করতে হয়। এ আমদানি রপ্তানির তুলনা করলে দেখা যাবে এ খাতের জন্য কত কোটি টাকার পণ্য আমদানি করতে হয়। তাই গার্মেন্টস খাতে ব্যবহৃত পণ্য এ দেশে উৎপাদনের বিষয়টিও ভাবার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান বিচ্ছিন্ন, বিক্ষিপ্তভাবে নয়, সব কলকারখানাগুলোকে সরিয়ে এক জায়গায় আনতে হবে।

এ প্রসঙ্গে আমু বলেন, ধোলাই খালকে সরিয়ে এক জায়গায় আনা হবে। শুধু সংযোজন নয়, প্রগতি ইন্ডাস্ট্রিকে ম্যানুফ্যাকচারিং করার ক্ষমতাসম্পন্ন করে গড়ে তোলা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন- রেলমন্ত্রী মুজিবুল হক, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ। প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক পরিচালক (প্রযুক্তি) আবু তাহের খান। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন-বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই