নাশকতার মামলা থেকে রেহাই পেয়েছেন ডিএসইর ছয় বিনিয়োগকারী। রোববার সিএমএম কোর্টের বিচারপতি ওয়ায়েস করনী খান চৌধুরী এ রায় দেন। ২০১২ সালের ১৮ জানুয়ারি ডিএসই ভবনের ইন্টারনেট সংযোগের লাইনে আগুন দেয়ার অভিযোগ এনে ছয়জনকে আসামি করে মামলা করে ডিএসই কর্তৃপক্ষ।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী গনমাধ্যমকে জানান, বাজার থেকে যারা অর্থ লুট করেছে ডিএসই, বিএসইসি কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ নিয়ে কথা বলায় ৫ বছর মিথ্যা মামলায় আমাদের আদালত চত্বরে চোর ডাকাতদের সাথে দাঁড়িয়ে হাজিরা দিতে হয়েছে।
অবশেষে দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর আজ আমরা ন্যায় বিচার পেয়েছি। এখন সরকারের কাছে বিনিয়োগকারী ঐক্য পরিষদের একটাই চাওয়া, শেয়ারবাজার থেকে পুঁজি লুণ্ঠনকারীদের বিচার। যেভাবেই হোক সরকারকে এ বিচার করতে হবে। না হলে পুঁজি হারানো লাখ লাখ বিনিয়োগকারীর আর্তনাদ থামবে না বলে মন্তব্য করেন মিজান-উর-রশিদ চৌধুরী।
মামলা থেকে অব্যহতি প্রাপ্ত বিনিয়োগকারীরা হলেন: মিজান-উর-রশিদ চৌধুরী, কাজী আব্দুর রাজ্জাক, নুরুল হক হারুন, সেলিম চৌধুরী, আতাউল্লাহ নাঈম এবং সেলিমুল হক।
নাজিব





