‘আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশী বিনিয়োগকারীদের দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তাদের মূলধনও বেড়েছে। ফলে ব্যাংকে মূলধন না বাড়িয়ে; বিনিয়োগ বাড়াতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশী উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগ’ বিষয়ক দ্বিতীয় স্টেকহোল্ডারদের নিয়ে এক গোল টেবিল সেমিনারে এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এ সেমিনারের আয়োজন করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক এম এস সিদ্দিক।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে দেশীয় বিনিয়োগকারীরা অনেক দক্ষ। তা দিয়ে তারা দেশের বাইরে সফলভাবে বিনিয়োগ করতে পারবে। ফলে তাদের এই দক্ষতাকে কাজে লাগানো সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, বিদেশে বিনিয়োগের সুযোগ না পেয়ে; দেশের মধ্যে যে খাত গুলোতে তাদের বিনিয়োগ করার কথা নয় এবং ঝুকিপূর্ণ; সেখানে তারা বিনিয়োগ করছে। এমন পরিস্থিতিতে তারা বিপদের সম্মুখীন হচ্ছে। ফলে তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে।

বিনিয়োগ সংক্রান্ত নীতিমালার কথা উল্লেখ করে সিপিডির এই গবেষক বলেন, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা দরকার। যার মাধ্যমে বিনিয়োগের খাত নির্ধারণ, বিনিয়োগের রিটার্ন নিশ্চিত করা ও আইন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে নীতিমালা প্রনয়ণের ব্যাপারে সরকার এবং বিনিয়োগকারী উভয়দিক বিবেচনার মাধ্যমে কশৌলগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।

সেমিনারে আইবিএফবির সভাপতি ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অজিত কুমার পাল, আইবিএফবির নির্বাহী পরিচালক ড. ফিরোজ ফারুখ প্রমুখ।

মুন্নাফ/জারিফ