নতুন ভ্যাট আইন বাস্তবায়নে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন আইন নিয়ে দেশের ব্যবসায়ী মহল থেকে তীব্র বিরোধীতার কারণে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বিষয়ক এক সেমিনারে তিনি এ দিক নির্দেশনা দেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের দিয়ে ওই কমিটি গঠিত হবে বলে অর্থমন্ত্রী জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত পাঁচ বছরে আমাদের জাতীয় আয়ের তিন শতাংশ ভ্যাট থেকে আদায় করতে সম্ভব হয়েছে। মূসক খুব বেশি পুরোনো আইন নয়। মূসক আইনটা খুব ভাল। হিসাব ঠিক মতো রাখলে মূসকের ওপর আর কোনো আইন নেই। মূসক ব্যবসায়ীদের জন্য অনেক ভাল। মূসক থাকলে ব্যবসায়ীদের দুই হিসাব রাখতে হয় না।’
তিনি বলেন, ‘এই ভ্যাট আইন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এতো সব আলোচনার পরও আপনাদের (ব্যবসায়ীদের) এ আইন ভাল হল না। তাহলে কেমন হল? এখন আপনারা বিদ্রোহ করছেন। এনবিআর ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের দিয়ে একটি কমিটি গঠন করে ওই কমিটির পরামর্শ গ্রহণ করা যেতে পারে।’
এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন, ‘এ আইনই থাকবে। তবে প্রতিনিধিরা যে সুপারিশ দেবেন তা বিবেচনা করা হবে।’
সেমিনারের সভাপতি অভ্যন্তরীণ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, ‘অর্থমন্ত্রীর নির্দেশনা অনুসারে শিগগিরই এফবিসিসিআইয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এনবিআর সদস্য (মূসক নীতি) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেনসহ এনবিআরের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা এ সেমিনারে উপস্থিত ছিলেন।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





