সিগারেট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাথে প্রাক-বাজেট আলোচনা নিয়ে রহস্যজনক আচরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা করার কথা থাকলেও চেয়ারম্যানের কক্ষে তাদের সাথে বৈঠক করে এনবিআর। এসময় কোনো সংবাদ কর্মীকেই কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।
এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, সিগারেট কোম্পানির কিছু ‘স্পর্শকাতর’ বিষয় থাকায় প্রকাশ্যে তারা প্রাক বাজেট আলোচনায় অংশ নেয়নি। প্রধান বাজেট সমন্বয়কারী কর্মকর্তা আব্দুস সামাদ আল আজাদ অ্যাসোসিয়েশনের সদস্যদের এনবিআর’র চেয়ারম্যান গোলাম হোসেনের রুমে বসার ব্যবস্থা করে দেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে আসেন তারা।
বৈঠক শেষে সাংবাদিকরা সংগঠন নেতাদের সাথে কথা বলতে চাইলে ‘কৌশলে’ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় বাজেট প্রস্তাবনা নিয়ে প্রশ্ন করলে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বছির উদ্দিন উত্তেজিত হয়ে সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন,‘ বাজেট প্রস্তাবনা সম্পর্কে আপনাদের জানাতে বাধ্য নই।’
সব সংগঠন প্রকাশ্যে প্রাক বাজেট আলোচনা করলেও সিগারেট এসোসিয়েশনের আলোচনা নিয়ে ‘লুকোচুরি’ কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ হোয়াট কাইন্ড অব কোয়েশ্চন ইজ দিস’।
একই সময় এসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম মাঈন উদ্দিনকে বাজেট প্রস্তাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনিও তা এড়িয়ে যান।
সিগারেট এসোসিয়েশনের সাথে ‘গোপন বৈঠক’ কেন এমন প্রশ্নের উত্তর জানতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের সাক্ষাত চাইলেও দপ্তর তথ্যে জানানো হয় তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না।
‘গোপন বৈঠকের’ বিষয়ে জানতে চাইলে বাজেট সমন্বয়নকারী ও প্রথম সচিব (ট্যাক্সেস লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট) মো. আব্দুস সামাদ আল আজাদ সাংবাদিকদের বলেন, সিগারেট এসোসিয়েশনের সদস্য সংখ্যা কম থাকায় এমন হয়েছে।
এছাড়া সিগারেট কোম্পানির কিছু ‘স্পর্শকাতর’ বিষয় থাকায় প্রকাশ্যে তা প্রাক বাজেট আলোচনায় অংশ নেয়নি। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বাজেট প্রস্তাবনা নিয়ে সংগঠনের নেতাদের ‘পরামর্শ’ দিয়েছেন বলে জানান তিনি। তবে বাজেট প্রস্তাবনা সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।
সিগারেটের ওপর শুল্ক কমানো ও সিগারেট কোম্পানিকে বাজেটে ‘বিশেষ’ সুবিধা দিতে জোর দাবি জানিয়েছেন বলে বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছেন।
তবে সিগারেট এসোসিয়েশনের সাথে নির্ধারিত বৈঠকের আগে সকাল পৌনে দশটায় ‘কাকতালীয়ভাবে’ এনবিআরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর অর্থমন্ত্রীর আগমন কিংবা বৈঠকের বিষয়েও কিছু বলেনি এনবিআর।
এদিকে সিগারেট এসোসিয়েশনের সাথে অর্থমন্ত্রীর একটি ‘বিশেষ’ সম্পর্ক রয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। যার সূত্র ধরেই তার এনবিআরে আগমন ও বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, সরকার ২০১১ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেয়। ১৯ ডিসেম্বর সংশোধিত আইনের খসড়া মন্ত্রীসভার বৈঠকে তোলার কথা ছিল।কিন্তু ১৮ ডিসেম্বর সিগারেট এসোসিয়েশনের পক্ষ থেকে সংশোধনী মন্ত্রীসভার বৈঠকে না উপস্থাপন করার অনুরোধ করা হয়।তখন তারা খসড়া আইন পাস হলে সিগারেট কোম্পানি ‘ক্ষতিগ্রস্ত’ হবে বলে উল্লেখ করে। আর এর প্রেক্ষিতে এখনো সংশোধন হয়নি তামাক নিয়ন্ত্রণ আইন। তবে এর পেছনে সিগারেট এসোসিয়েশনের সাথে অর্থমন্ত্রীর ‘গোপন’ যোগাযোগের বিষয়টিকে বেশি প্রাধান্য পেয়েছে জানায় সূত্রটি।
সূত্র আরো জানায়, চলতি বছরের ১৮ মার্চ আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি- ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কনট্রোল (এসসিটিসি) চুক্তির ধারা ৫ (৩) লঙ্গন করে সিগারেট এসোসিয়েশনের সাথে বৈঠক করে আইন মন্ত্রণালয়।
চুক্তি অনুসারে তামাক কোম্পানির সাথে সরকারের কোনো প্রতিনিধির সাথে ‘গোপনে’ এ বৈঠক করতে পারে না। বাংলাদেশ ২০০৩ সালে আন্তর্জাতিক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সিগারেট অ্যাসোসিয়েশন নিয়ে এনবিআরের রহস্যজনক আচরণ!
সিগারেট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাথে প্রাক-বাজেট আলোচনা নিয়ে রহস্যজনক আচরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা করার কথা থাকলেও চেয়ারম্যানের কক্ষে তাদের সাথে বৈঠক করে এনবিআর। এসময় কোনো সংবাদ কর্মীকেই কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।





