[b]ঢাকা:[/b] রাজধানীর হাজারীবাগে অবস্থিত ট্যানারিগুলো দ্রুত সাভারে স্থানান্তরের লক্ষ্যে বিসিক, শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি শিল্প মালিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং টিম বা কর্মদল গঠনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, এ কর্মদল স্থানান্তর প্রক্রিয়া তদারকির পাশাপাশি উদ্যোক্তাদের অন্যান্য সমস্যা নিরসনে প্রশাসনিক পর্যায়ে কাজ করবে। স্থানান্তর শুরু হলে যেসব ট্যানারি মালিক সাভার চামড়া শিল্পনগরিতে প্লট পাননি, তাদের জন্য প্রকল্প সংলগ্ন এলাকায় সম্প্রসারিত প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি জানান।
শিল্পমন্ত্রী আজ “চামড়া শিল্পনগরির উন্নয়ন, ট্যানারি স্থানান্তর এবং ফুটওয়্যার ও লেদারগুডস শিল্পের উন্নয়ন তরান্বিতকরণ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস্ অ্যান্ড ফুটওয়্যাস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহেরের সভাপতিত্বে অন্ষ্ঠুানে শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহী। এতে সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, বর্তমানে বিশ্বে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ফুটওয়্যারের চাহিদা রয়েছে। এর শতকরা ৭৫ ভাগ চীন এককভাবে যোগান দিচ্ছে। বাংলাদেশ ২০১২-২০১৩ অর্থবছরে চামড়া, ফুটওয়্যার ও লেদারগুড্স রপ্তানি করে ৯শ’ ৮২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখাতের কয়েক বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তারা চামড়া শিল্পকে তৈরি পোশাক শিল্পের মত শক্তিশালী রপ্তানিখাত হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএফএলএলএফইএ-এর পক্ষ থেকে সাভার চামড়া শিল্পনগরিতে দ্রুত সিইটিপি নির্মাণ, শিল্পনগরিতে স্থাপনা নির্মাণের জন্য শতকরা ৩৩ ভাগ জমি ছেড়ে দেয়ার নিয়ম শিথিল করা, উদ্যোক্তাদের সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণদান, ক্রাস্ট লেদার ও ফিনিশড্ লেদার রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা প্রদান এবং সহজ শর্তে ঋণ পুনঃ তফসিলীকরণ ও সুদের হার সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি তুলে ধরা হয়।
শিল্পমন্ত্রী বলেন, ট্যানারি স্থানান্তরের পথে বিদ্যমান জটিলতাগুলো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমাধান করা হবে। শিল্প কারখানা নির্মাণের ক্ষেত্রে শতকরা ৩৩ ভাগ জমি ছেড়ে দিয়ে প্লান পাসের বিধান যুক্তিসঙ্গত নয় বলে তিনি অভিমত দেন। তিনি জাতীয় স্বার্থে সাভারের পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরিতে দ্রুত ট্যানারি স্থানান্তরে সরকারকে সহায়তা করতে মালিকদের প্রতি আহবান জানান।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
হাজারিবাগ ট্যানারি স্থানান্তরে ওয়ার্কিং টিম গঠনের নির্দেশ
ঢাকা: রাজধানীর হাজারীবাগে অবস্থিত ট্যানারিগুলো দ্রুত সাভারে স্থানান্তরের লক্ষ্যে বিসিক, শিল্প মন্ত্রণালয় ও ট্যানারি শিল্প মালিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং টিম বা কর্মদল গঠনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





