আন্তর্জাতিক বাজারে সোনার দর কমার কারণে দেশের বাজারেও পণ্যটির দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে মানভেদে ১,৫৪০ টাকা থেকে ১,২২৫ টাকা পর্যন্ত দাম কমেছে।

নতুন মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৯ মার্চ সোনার দাম কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪২,৯৮২ টাকায়। গত ৯ মার্চ নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪,৫২১ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১,৫৩৯ টাকা।

অন্যদিকে ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪২,৪২২ টাকার বদলে ৪০,৮৮২ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম কমেছে ১,৫৪০ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৪,২৩৪ টাকায়। এর আগে দাম ছিল ৩৫,৭৭৩ টাকা। এক্ষেত্রে কমেছে ১,৫৩৯ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি বৃহস্পতিবার থেকে রুপার দামও কমবে। আজ পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ১,০৫০ টাকা। প্রতি ভরিতে ৫৯ টাকা কমে বৃহস্পতিবার তা বিক্রি হবে ৯৯১ টাকায়।

এমকে